
সল্টলেক, ৭ আগস্ট (হি. স.):সল্টলেকের সুকান্তনগর এলাকায় একটি গেস্ট হাউসে দেহ ব্যবসা চালানো এবং নাবালিকাদের দিয়ে অনৈতিক কাজ করানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার করল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সায়ন দে। তিনি প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ বলে দাবি করা হয়েছে। অপর ধৃতের নাম অনির্বাণ। শুক্রবার দু’জনকেই আদালতে পেশ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুকান্তনগরের ওই গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ চলার অভিযোগ উঠেছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এ বিষয়ে বিধাননগর দক্ষিণ থানায় একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এই অভিযোগের সত্যতা পুলিশিভাবে এখনও নিশ্চিত করা হয়নি।
সরকার পরিবর্তনের পরই পুলিশ সক্রিয় হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। শুক্রবার বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ওই গেস্ট হাউসে তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় কয়েকজন মহিলা ও নাবালিকাকে সেখান থেকে উদ্ধার করা হয়। পরে তাঁদের বয়ান নেওয়া হয় এবং তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
তদন্তকারীদের দাবি, গেস্ট হাউসটি কীভাবে পরিচালিত হত এবং এর সঙ্গে আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নাবালিকাদের সেখানে কীভাবে আনা হয়েছিল, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়