
আরামবাগ , ৭ আগস্ট (হি.স.): আরামবাগের মুথাডাঙ্গা থেকে বর্ধমানগামী রাজ্য সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে ভালিয়া এলাকায় রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাস্তার খানাখন্দ ও বেহাল পরিস্থিতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে দাবি এলাকাবাসীর। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক-দু'দিন নয়, দীর্ঘ ৮ থেকে ৯ বছর ধরে এই রাস্তার একই অবস্থা। প্রতিদিন এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে কর্মজীবী মানুষ, ছোট-বড় যানবাহন—সকলকেই এই বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।
বাসিন্দাদের দাবি, রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যেই সরকারি বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন জানানো হয়েছে। কিন্তু অভিযোগ, এখনও পর্যন্ত স্থায়ীভাবে রাস্তা সংস্কারের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিন দিন বাড়ছে মানুষের ক্ষোভ ও আতঙ্ক।
শুক্রবার স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার বেহাল দশার কারণে বিশেষ করে রাতের দিকে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। তাঁদের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার সমস্যার কথা জানিয়েও সুরাহা না হওয়ায় পরিস্থিতি কার্যত একই রয়ে গিয়েছে।
এলাকাবাসীর দাবি, আর কোনও দুর্ঘটনা বা প্রাণহানির অপেক্ষা না করে অবিলম্বে মুথাডাঙ্গা-বর্ধমান রাজ্য সড়কের ভালিয়া-সহ ক্ষতিগ্রস্ত অংশগুলি পরিদর্শন করে দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে হবে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর দ্রুত পদক্ষেপ করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA