
লখনউ, ৭ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের লখনউয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুডম্বা থানা এলাকার জানকীপুরমে শুক্রবার ভোরে প্রাতঃভ্রমণে বের হওয়া এক চিকিৎসকের গলার সোনার চেন ছিনিয়ে পালায় দুই দুষ্কৃতী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানকীপুরম সেক্টর জে-এর বাসিন্দা চিকিৎসক ডা.পবন কাপুর প্রতিদিনের মতো শুক্রবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে জনতা ইন্টার কলেজের কাছে হাঁটছিলেন। সেই সময় একটি বাইকে আসা দুই ব্যক্তি আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে গলার সোনার চেন ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জানা গিয়েছে, ছিনতাইকারীরা দু’জনেই হেলমেট পরেছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। পাশাপাশি আশপাশের এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা শুরু হয়েছে।
গুডম্বা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনি কুমার মিশ্র জানান, চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত বাইক এবং অভিযুক্তদের শনাক্ত করতে আশপাশের এলাকার আরও সিসিটিভি ফুটেজ, তথ্য ও অন্যান্য সূত্র বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুত ঘটনার কিনারা করা হবে বলে তিনি জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস