
খুঁটি, ৭ আগস্ট (হি.স.) : ঝাড়খণ্ডের খুঁটি সদর থানা এলাকার মুরহি পঞ্চায়েতের বরকরগি গ্রামে ট্র্যাক্টর দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। জমি চাষের জন্য যাওয়ার সময় ট্র্যাক্টর থেকে পড়ে গিয়ে চাকার নিচে চাপা পড়েন তিনি।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কৃষকের নাম শিবু সিং (৪৩)। তিনি বরকরগি গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজের জমি চাষ করতে ট্র্যাক্টর নিয়ে যাচ্ছিলেন শিবু। সেই সময় আচমকা ঝাঁকুনি লাগায় তিনি ট্র্যাক্টর থেকে নিচে পড়ে যান। পড়ে যাওয়ার পর ট্র্যাক্টরের চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শুক্রবার ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস