
দুর্গাপুর, ৭ আগস্ট (হি. স.): অ্যাম্বুলেন্স চালককে মারধরের ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল প্রাক্তন তৃণমূল কাউন্সিলার হীরালাল বাউরী। বৃহঃস্পতিবার রাতে তাকে দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করে। শুক্রবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।
ঘটনার অভিযোগে আহত ওই অ্যাম্বুলেন্স চালক মানিক ধীবর বলেন, দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সামনে থাকি। দীর্ঘদিন ধরে মাসোহারা দিতে বাধ্য করা হলেও সম্প্রতি টাকা দিতে অস্বীকার করতেই মারধর করে হিরালাল বাউরী। তৃণমূল ক্ষমতায় থাকার সময় প্রতি মাসে মাসোহারা দিতে হতো প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরিকে। নিয়মিত অনলাইনের মাধ্যমে সেই টাকা পাঠাতাম। তিনি আরও বলেন, সম্প্রতি টাকা দিতে অস্বীকার করতেই রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন। এমনকি কেউ রক্ষা করতে পারবেন না বলে হুমকি দেয়। তাই পুলিশে অভিযোগ জানিয়েছি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা