বাংলায় প্রথমবার 'হর ঘর তিরঙ্গা' অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ৭ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গে ক্ষমতা পরিবর্তনের পর এই প্রথমবার ''হর ঘর তিরঙ্গা'' অভিযানের এক ব্যাপক ও বর্ণাঢ্য সূচনা করা হয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে এই অভিযানের শুভ উদ্বোধন করেন এবং সার্ভে
বাংলায় প্রথমবার 'হর ঘর তিরঙ্গা' অভিযানের সূচনা


কলকাতা, ৭ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গে ক্ষমতা পরিবর্তনের পর এই প্রথমবার 'হর ঘর তিরঙ্গা' অভিযানের এক ব্যাপক ও বর্ণাঢ্য সূচনা করা হয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে এই অভিযানের শুভ উদ্বোধন করেন এবং সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত এক সুবিশাল তিরঙ্গা যাত্রার নেতৃত্ব দেন।

স্বাধীনতা মাস উপলক্ষে আয়োজিত এই পদযাত্রায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। সম্পূর্ণ পথজুড়ে তিরঙ্গার সমাহার চোখে পড়ে এবং বাঁধভাঙা জনস্রোতে রাস্তাঘাট পূর্ণ হয়ে যায়। এই যাত্রায় ভবানীপুরের বাসিন্দারা ছাড়াও শিল্পমন্ত্রী তাপস চট্টোপাধ্যায়, বিদ্যালয় শিক্ষা মন্ত্রী দীপক বর্মন সহ বহু জনপ্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

হাজরা মোড়ে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত এই তিরঙ্গা যাত্রার মাধ্যমেই রাজ্যে 'হর ঘর তিরঙ্গা' অভিযানের শুভ সূচনা হল। তিনি পদযাত্রায় এত বিপুল সংখ্যায় মানুষ যোগ দেওয়ায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১০ আগস্ট নেতাজি মূর্তি থেকে বিড়লা তারামণ্ডলের ৭ নম্বর গেট পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণে এক ঐতিহাসিক তিরঙ্গা যাত্রা বের করা হবে। তিনি সকল নাগরিককে সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভিডিও বার্তায় 'দিল সে তিরঙ্গা, পেয়ার সে তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা'-র আহ্বান জানিয়েছেন। এই অভিযানের মূল উদ্দেশ্য হল জাতীয়তাবাদ ও দেশপ্রেমের ভাবনাকে আরও সুদৃঢ় করা।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এখন বাংলায় একটি জাতীয়তাবাদী সরকার গঠিত হয়েছে। তিনি রাজ্যবাসীকে আগাম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানান।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande