স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীভূমিতে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান
শ্রীভূমি, (অসম) ৭ আগস্ট (হি.স.) : আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে শ্রীভূমি জেলায় ‘হর ঘর তিরঙ্গা-২০২৬’ অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ বছরের কর্মসূচি ‘বন্দে মাতরম’ সঙ্গীতের ১৫০ বছর পূর্তি এব
স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীভূমিতে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান


শ্রীভূমি, (অসম) ৭ আগস্ট (হি.স.) : আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে শ্রীভূমি জেলায় ‘হর ঘর তিরঙ্গা-২০২৬’ অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ বছরের কর্মসূচি ‘বন্দে মাতরম’ সঙ্গীতের ১৫০ বছর পূর্তি এবং ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’-এর স্মরণে বিশেষ তাৎপর্য বহন করবে।

শুক্রবার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এক সংবাদ সম্মেলনে জানান, জাতীয় পতাকার মর্যাদা ও ফ্ল্যাগ কোড মেনে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, এএসআরএলএম-এর স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে জেলার ৩০টি স্থানে জাতীয় পতাকা সরবরাহ করা হবে। পাশাপাশি এএসআরএলএম ও এনইউএলএম-এর তত্ত্বাবধানে ৩০টিরও বেশি তিরঙ্গা বিক্রয় কেন্দ্র খোলা হবে, যেখানে অন্তত ২১ হাজার জাতীয় পতাকা উপলব্ধ থাকবে।

৯ থেকে ১৫ আগস্ট জেলার সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, হাসপাতাল, রেলওয়ে স্টেশন, চা-বাগানসহ বিভিন্ন জনসমাগমস্থল তিরঙ্গা আলোকসজ্জা ও ‘বন্দে মাতরম’ থিমের তেরঙা রঙ্গোলিতে সজ্জিত করা হবে। একই সময়ে বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের উদ্যোগে ‘হর ঘর তিরঙ্গা’ ও ‘বন্দে মাতরম’ বিষয়ক প্রদর্শনীরও আয়োজন করা হবে।

১০ আগস্ট সকাল ১০টায় জেলা আয়ুক্ত কার্যালয় থেকে সার্কিট হাউস রোড, ডিস্ট্রিক্ট লাইব্রেরি, এসবিআই পয়েন্ট ও মেইন রোড হয়ে একটি জেলা-স্তরের তিরঙ্গা শোভাযাত্রা বের হবে। এছাড়া ১০ থেকে ১৩ আগস্ট ব্লক ও পঞ্চায়েত পর্যায়ে বিভিন্ন কর্মসূচি এবং ১২ আগস্ট সার্কিট হাউস থেকে শহিদ বেদী পর্যন্ত বাইক ও সাইকেল র্যালির আয়োজন করা হবে।

৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত নাগরিক, শিক্ষার্থী ও সরকারি কর্মচারীদের হর ঘর তেরঙ্গা-এর ওয়েবসাইটে তিরঙ্গা স্যালুটসহ সেলফি আপলোড করতে উৎসাহিত করা হবে।

এছাড়া ১৩ আগস্ট জেলা আয়ুক্ত কার্যালয়ে দেশাত্মবোধক গান ও ‘বন্দে মাতরম’-এর গণসংগীত পরিবেশনের মাধ্যমে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৪ আগস্ট ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ উপলক্ষে বিকেল ৫টায় জেলা আয়ুক্ত কার্যালয়ে ডকুমেন্টারি প্রদর্শনের পর মোমবাতি মিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১৩ ও ১৪ আগস্ট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেশভাগের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী, বক্তৃতা ও আলোচনা সভার আয়োজন করা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রেখে প্রত্যেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের বাসভবনে যথাযথ নিয়ম মেনে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande