
সিধি, ৭ আগস্ট (হি.স.): টানা মুষলধারে বৃষ্টিতে মধ্যপ্রদেশের সিধি জেলায় জনজীবন বিপর্যস্ত। শুক্রবার সকাল প্রায় ৭টা নাগাদ সোন নদীর ভবরসেন ঘাটের সেতু জলমগ্ন হয়ে পড়ায় সিধি সদর ও রামপুর নৈকিন তহসিলের প্রায় ৪০টি গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয়েছে। একই সঙ্গে ভবরসেন পাহাড় থেকে ক্রমাগত মাটি ধসে পড়ায় ভূমিধসের আশঙ্কাও বাড়ছে।
প্রায় ৫০০ মিটার দীর্ঘ সেতুর উপর জল জমে যাওয়ায় রাস্তার গর্তগুলি আর দেখা যাচ্ছে না। ফলে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। নদীর জলস্তর বাড়তে থাকায় সেতু দিয়ে যাতায়াত কার্যত বিপজ্জনক হয়ে উঠেছে।
অন্যদিকে, টানা বৃষ্টির জেরে ভবরসেন পাহাড়ের পাদদেশ থেকে লাগাতার মাটি ও ধ্বংসাবশেষ সরে আসছে। প্রশাসনের আশঙ্কা, যে কোনও সময় বড় ধরনের ভূমিধস নেমে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।
পরিস্থিতি বিবেচনায় প্রশাসন সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে ওই পথ ব্যবহার না করে বিকল্প রাস্তা বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ষাকালে প্রতি বছরই এই সমস্যা দেখা দেয়। তাই স্থায়ী সমাধানের ব্যবস্থা করা প্রয়োজন।
রামপুর নৈকিন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুধাংশু তিওয়ারি জানান, পাহাড় থেকে ক্রমাগত মাটি ধসে পড়ছে, যার ভিডিও-ও সামনে এসেছে। প্রশাসন গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। জরুরি প্রয়োজন ছাড়া ওই পথে যাতায়াত না করার পাশাপাশি কোথাও মাটি বা ধ্বংসাবশেষ ধসে পড়তে দেখলে দ্রুত প্রশাসনকে জানানোর আবেদন জানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দা শৈলেন্দ্র সিং সেঙ্গর বলেন, টানা বৃষ্টিতে মাটিক্ষয় দ্রুত বাড়ছে। সেতুর উপর জল জমে থাকায় রাস্তার গর্ত চোখে পড়ছে না, ফলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। বৃষ্টির এই পরিস্থিতি অব্যাহত থাকলে অবস্থার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য