
দার্জিলিং, ৭ আগস্ট (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শীঘ্রই দার্জিলিং সফরে আসতে পারেন। রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা এই প্রস্তাবিত সফরের বিষয়ে জানিয়ে বলেন, এই যাত্রা গোর্খা সম্প্রদায়ের আকাঙ্ক্ষা এবং দার্জিলিং পাহাড়ের উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার এক তাৎপর্যপূর্ণ সুযোগ হয়ে উঠবে।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন শ্রিংলা। সেখানে গোর্খা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় এবং দার্জিলিং অঞ্চলের উন্নয়ন নিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রতি গোর্খা সম্প্রদায়ের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন এবং তাঁদের পরিচয় ও আকাঙ্ক্ষাকে উপযুক্ত সম্মান দেওয়ার প্রয়োজনীয়তায় সম্মতি প্রকাশ করেছেন।
শ্রিংলার কথা অনুযায়ী, বৈঠক চলাকালীন সড়ক ও পরিবহন, পরিকাঠামো, পর্যটন, কর্মসংস্থানের সুযোগ এবং উত্তরবঙ্গ অঞ্চলের সার্বিক উন্নয়নকে শক্তিশালী করার মতো বিষয়গুলি নিয়েও অর্থবহ আলোচনা হয়েছে।
তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, অমিত শাহের প্রস্তাবিত দার্জিলিং সফর এই সমস্ত বিষয়ে সরাসরি যোগাযোগের পথ প্রশস্ত করবে। সম্ভাবনা রয়েছে যে এই সফরকালে শ্রিংলা নিজেও তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন।
দার্জিলিং পাহাড়ে উন্নয়ন, সংযোগ ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কেন্দ্র ও স্থানীয় অঞ্চলের মধ্যে যোগাযোগ সুদৃঢ় করার দিশায় এই সফরকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি