
কলকাতা, ৭ আগস্ট (হি.স.) : আইসিডিএস সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্টের নির্দেশ না মানার অভিযোগে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক শীর্ষ প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে চরম কড়া অবস্থান নিল আদালত। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুক্রবার নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি, আইসিডিএস-এর প্রজেক্ট ডিরেক্টর রচনা ভগত এবং পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর সচিব সাগর চক্রবর্তীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারির নির্দেশ দিয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১০ সেপ্টেম্বর ধার্য করেছে।
এই বিষয়টি প্রায় ২৬ বছর ধরে অমীমাংসিত থাকা আইসিডিএস সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত মামলার সঙ্গে যুক্ত। আবেদনকারীদের অভিযোগ, হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ায় নির্ধারিত নিয়ম অনুসরণ করেনি।
হাইকোর্ট ইতিপূর্বে তার নির্দেশে জানিয়েছিল যে, কেন্দ্র সরকারের ২০১৫ সালের নীতি অনুযায়ী মোট শূন্যপদের ৫০ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে এবং অবশিষ্ট ৫০ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে। ডিভিশন বেঞ্চও এই নির্দেশ বহাল রেখেছিল।
আবেদনকারীদের দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী ১,৭১৩টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকার মাত্র ৪০৯ জন কর্মীকে পদোন্নতি দিয়েছে। বাকি পদগুলি সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়েছে, যা আদালতের নির্দেশের স্পষ্ট লঙ্ঘন।
শুনানি চলাকালীন আবেদনকারীদের পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী যুক্তি দেন যে, বহু অঙ্গনওয়াড়ি কর্মী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় স্থান পেলেও তাঁদের পদোন্নতির সুবিধা দেওয়া হয়নি।
মামলার পটভূমিতে জানা গিয়েছে, ২০১৯ সালে রাজ্য সরকার ৩,৪৫৮টি আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। যার মধ্যে মাত্র ৪২২টি পদ পদোন্নতির জন্য সংরক্ষিত ছিল এবং ৩,০৩৬টি পদ সরাসরি নিয়োগের জন্য রাখা হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা হাইকোর্টের দ্বারস্থ হন।
পরবর্তীকালে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর হাইকোর্টের একক বেঞ্চ কেন্দ্র সরকারের নীতি মেনে ৫০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণের নির্দেশ দেয়। ডিভিশন বেঞ্চও সেই নির্দেশ বহাল রাখে। এবার আদালতের নির্দেশ পালিত না হওয়ায় শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে অবমাননার পদক্ষেপের নির্দেশ দেওয়ায় আইনি লড়াই এক নতুন মোড় নিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি