পাটশিল্পের পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠক শ্রমমন্ত্রীর, কাঁচা পাটের জোগান ও দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের বার্তা
কলকাতা, ৭ আগস্ট (হি.স.): রাজ্যের পাটশিল্পের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে শ্রম দফতরের উদ্যোগে শুক্রবার শ্রমসচিবের দফতরে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রমমন্ত্রীর উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি জুট কমিশনার। বৈঠকে কাঁচা পাটের জ
পাটশিল্পের পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠক শ্রমমন্ত্রীর, কাঁচা পাটের জোগান ও দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের বার্তা


কলকাতা, ৭ আগস্ট (হি.স.): রাজ্যের পাটশিল্পের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে শ্রম দফতরের উদ্যোগে শুক্রবার শ্রমসচিবের দফতরে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রমমন্ত্রীর উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি জুট কমিশনার। বৈঠকে কাঁচা পাটের জোগান, মূল্যবৃদ্ধি, বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং শিল্পের জন্য কাঁচা পাটের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, নথিভুক্ত কাঁচা পাট ব্যবসায়ীদের তালিকা শ্রম দফতরের হাতে তুলে দেবে জুট কমিশনারের দফতর। বাজারে অস্থিরতার সময় শিল্পের প্রয়োজন মেটাতে জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার (জেসিআই) মাধ্যমে বাফার স্টক গড়ে তোলার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।

একই সঙ্গে কৃষি দফতর, কৃষি বিপণন দফতর, জুট কমিশনার এবং সংশ্লিষ্ট জেলা শাসক ও পুলিশ সুপারদের নিয়ে শীঘ্রই একটি যৌথ বৈঠক ডাকা হবে। সেই বৈঠকে কাঁচা পাটের মূল্য নির্ধারণে স্বচ্ছতা আনা এবং জুট প্যাকেজিং সামগ্রী (পণ্য মোড়কীকরণে বাধ্যতামূলক ব্যবহার) আইন, ১৯৮৭-এর কার্যকর প্রয়োগ নিয়ে পর্যালোচনা করা হবে। ২০১৬ সাল থেকে ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) তুলনায় কাঁচা পাটের দামের প্রবণতা নিয়েও সমীক্ষা করবে জুট কমিশনারের দফতর।

তাছাড়া, কাঁচা পাটের মজুতের নির্ধারিত সীমা লঙ্ঘনের বিরুদ্ধে চলা অভিযানের কার্যকারিতাও পুনর্বিবেচনা করা হবে। প্রয়োজনে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ-সহ সংশ্লিষ্ট সব সংস্থার মাধ্যমে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করবে বলে জানানো হয়েছে। শ্রম দফতরের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, পাটচাষি, শ্রমিক এবং রাজ্যের পাটশিল্পের স্বার্থ রক্ষায় কেন্দ্র ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় রেখেই কাজ চালিয়ে যাবে রাজ্য।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande