
আরামবাগ, ৭ আগস্ট (হি.স.): নতুন দায়িত্ব পেলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ।শুক্রবার রাজ্য বিধানসভার পরিবহন দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় খানাকুল-সহ হুগলি জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।
পরিবহন দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে এবার রাজ্যের পরিবহন ব্যবস্থা, যাত্রী পরিষেবা, সড়ক নিরাপত্তা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সুশান্ত ঘোষ। বিশেষ করে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা, পরিবহন পরিষেবার উন্নতি এবং সড়ক নিরাপত্তার মতো বিষয়গুলিতে কমিটির মাধ্যমে বিভিন্ন বিষয় খতিয়ে দেখার সুযোগ থাকবে।
খানাকুলের বিধায়ক হিসেবে সুশান্ত ঘোষের এই নতুন দায়িত্বকে এলাকার মানুষের কাছেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিধায়কের পাশাপাশি বিধানসভার একটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় আগামী দিনে খানাকুল তথা হুগলি জেলার বিভিন্ন পরিবহন সংক্রান্ত সমস্যা আরও জোরালোভাবে বিধানসভায় তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
নতুন দায়িত্ব পাওয়ার পর সুশান্ত ঘোষের সামনে পরিবহন পরিষেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থে কার্যকর ভূমিকা নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ। তাঁর এই নতুন দায়িত্বকে ঘিরে খানাকুলের মানুষের মধ্যেও প্রত্যাশা তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA