
বীরভূম, ৭ আগস্ট (হি. স.):বীরভূমের ‘পাথরসম্রাট’ নামে পরিচিত টুলু মণ্ডলের বাজেয়াপ্ত পাথর নিলামের জন্য বিজ্ঞপ্তি জারি করল জেলা প্রশাসন। মহম্মদবাজারের একটি পার্কিং এলাকা থেকে বাজেয়াপ্ত প্রায় ১৬ লক্ষ ঘনফুট পাথরের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ কোটি টাকা। অভিযোগ, ওই পাথর বেআইনিভাবে মজুত করা হয়েছিল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর নিলাম প্রক্রিয়া সম্পন্ন হবে।
এর আগে টুলুর পার্কিং লট-সহ বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত বালি নিলামের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর। ওই বালির আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। এবার পাথর নিলামের উদ্যোগ নেওয়া হল।
সম্প্রতি মহম্মদবাজার থানার ডেউচা গ্রামের টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ প্রায় ২৮.৫ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে বীরভূম জেলা পুলিশ। মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে টুলু মণ্ডলের নাম রয়েছে।
পুলিশ সূত্রে খবর, টুলুর বিরুদ্ধে খুনের মামলা-সহ একাধিক মামলা রয়েছে। তিনি বর্তমানে পলাতক। বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন, এখনও পর্যন্ত টুলুর প্রায় ২২০ কোটি টাকার সম্পত্তি ‘ফ্রিজ’ করা হয়েছে। নিরাপত্তা ও রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন টুলু।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়