রেকর্ড ১৭ দিনেই শিমলুগুড়িতে রেলপথ পুনরুদ্ধার, আংশিক ট্রেন চলাচল শুরু
গুয়াহাটি, ৭ আগস্ট (হি.স.) : বন্যার ভয়াবহ ধাক্কা সামলে মাত্র ১৭ দিনের রেকর্ড সময়ে শিবসাগর জেলার শিমলুগুড়ি ও সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন পুনরুদ্ধার করে আংশিক ট্রেন চলাচল পুনরায় শুরু করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)। প্রতিকূল আবহাওয়া ও
Rail


গুয়াহাটি, ৭ আগস্ট (হি.স.) : বন্যার ভয়াবহ ধাক্কা সামলে মাত্র ১৭ দিনের রেকর্ড সময়ে শিবসাগর জেলার শিমলুগুড়ি ও সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন পুনরুদ্ধার করে আংশিক ট্রেন চলাচল পুনরায় শুরু করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)। প্রতিকূল আবহাওয়া ও জলমগ্ন পরিস্থিতির মধ্যেও দিন-রাত নিরলস পরিশ্রম করে রেললাইন সচল করায় রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের এই সাফল্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

রেল সূত্রে জানানো হয়েছে, রেললাইন মেরামত সম্পন্ন হলেও বন্যার জেরে বহু স্থানীয় বাসিন্দা, শিশু ও গবাদি পশুসহ এখনও রেললাইনের ওপর বা তার আশপাশে আশ্রয় নিয়ে রয়েছেন। সেই কারণে মানবিক ও নিরাপত্তাজনিত বিষয় বিবেচনায় আপাতত শুধুমাত্র ডিজেল লোকোমোটিভচালিত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওভারহেড বিদ্যুৎ লাইনের ঝুঁকি এড়াতেই এই ব্যবস্থা।

পর্যায়ক্রমে গুয়াহাটি-ডিব্রুগড় নাগাল্যান্ড এক্সপ্রেস, গুয়াহাটি-লিডো ইন্টারসিটি এক্সপ্রেস, রঙিয়া-লিডো ইন্টারসিটি এক্সপ্রেস, লামডিং-তিনসুকিয়া ডেমু এবং তিনসুকিয়া-যোরহাট টাউন প্যাসেঞ্জারসহ একাধিক স্থানীয় ট্রেন মরাণহাট হয়ে সংশোধিত রুটে চলাচল শুরু করেছে। অন্যদিকে, দীর্ঘ দূরত্বের ট্রেনগুলি আপাতত নর্থ লখিমপুর–রাঙাপাড়া নর্থ–রঙিয়া হয়ে বিকল্প পথে চলাচল অব্যাহত রাখবে।

আপার অসমে যাত্রীদের যাতায়াতে যাতে অসুবিধা না হয়, তার জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে নিয়মিত বিশেষ ট্রেনও পরিচালনা করছে। স্বাভাবিক রেল চলাচল পুরোপুরি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই বিশেষ পরিষেবা চালু থাকবে।

উল্লেখযোগ্যভাবে, এই পুনরুদ্ধার অভিযানে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয় ও তিনসুকিয়া ডিভিশনের তত্ত্বাবধানে ৭০০-রও বেশি কর্মী ভারী যন্ত্রপাতি, প্রকৌশল সরঞ্জাম, ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ নিয়ে দিন-রাত কাজ করেছেন। তাঁদের সমন্বিত প্রচেষ্টাতেই নিরাপদ, দ্রুত ও দক্ষতার সঙ্গে ক্ষতিগ্রস্ত রেললাইন পুনর্নির্মাণ সম্ভব হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা ও স্থানীয় মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই যত দ্রুত সম্ভব স্বাভাবিক ট্রেন চলাচল সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande