
উত্তর দিনাজপুর, ৭ আগস্ট (হি.স.) : জেলার ইটাহার থানা এলাকায় শুক্রবার সকালে এক বেদনাদায়ক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ১২ নম্বর জাতীয় সড়কে বালিয়াপাড়া এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে, এবং ১১ জন গুরুতরভাবে আহত হয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও দুর্গাপুর এলাকার সাদাপুর ও ধরণ্ডা গ্রাম থেকে প্রায় ৩০ জন শ্রমিক কাজের উদ্দেশ্যে একটি ট্রাকে করে রওনা হয়েছিলেন। বালিয়াপাড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশে পৌঁছে তাঁরা ট্রাক থেকে নেমে কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
সেই সময় মালদার দিকে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ট্রাকে পিছন থেকে তীব্র গতিতে ধাক্কা মারে।
ধাক্কাটি এতটাই তীব্র ছিল যে ট্রাকের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিক ছিটকে দূরে গিয়ে পড়েন। ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। মৃতদের নাম ছেপো বর্মন (৪৫), আলকা বর্মন (৪৬) এবং তপ মার্ডি (৩৭) বলে শনাক্ত করা হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ও ট্রাফিক পুলিশ দ্রুত উদ্ধারকাজে হাত লাগায়। আহত সকলকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠায়। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাককেই বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ট্রাক চালক পলাতক। পুলিশ তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি