
শিলিগুড়ি, ৭ আগস্ট (হি.স.) : পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস শুক্রবার শিলিগুড়ি জেলা আদালতে সৌজন্য সাক্ষাৎ করেন।
সূত্র মারফত জানা গিয়েছে, কোচবিহার থেকে ফেরার পথে তিনি আচমকা আদালতে পৌঁছান, যেখানে উপস্থিত আইনজীবীদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
এই সময় আইনজীবীদের পক্ষ থেকে অধ্যক্ষের সামনে একাধিক দাবি তুলে ধরা হয়। এর মধ্যে নতুন আদালত ভবন নির্মাণের দাবির পাশাপাশি শিলিগুড়িকে আলাদা রাজ্য ঘোষণা করার প্রস্তাবও অন্তর্ভুক্ত ছিল। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়।
এই প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস বলেন, আমার সামনে একাধিক প্রস্তাব রাখা হয়েছে, তবে আমার দায়িত্ব আলাদা — আমি মন্ত্রী বা সরাসরি সরকারের অংশ নই। তা সত্ত্বেও সুযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিষয়গুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
তিনি আরও বলেন, “আমি কোচবিহার থেকে ফিরছিলাম এবং হাতে কিছুটা সময় ছিল, তাই আদালতে চলে এলাম। এখানে আমার একাধিক পরিচিত মানুষ ও বন্ধু রয়েছেন, যাঁদের সঙ্গে আগে কাজও করেছি, তাই তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতেই আসা।”
হিন্দুস্থান সমাচার / সোনালি