
কলকাতা, ৭ আগস্ট (হি.স.): চাকরি ফিরে পাওয়া, বকেয়া বেতন মেটানো এবং দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠল কলকাতার রাজপথ। শুক্রবার ‘যোগ্য’ শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবস্থান-বিক্ষোভের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা ও সংলগ্ন এলাকা। ২০১৬ সালে এসএসসি-র মাধ্যমে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া তথাকথিত 'যোগ্য' শিক্ষকদের এই আন্দোলনকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বরে। হাতে প্ল্যাকার্ড নিয়ে ও স্লোগান দিয়ে সরব হন আন্দোলনকারীরা। ডোরিনা ক্রসিংয়ের মতো গুরুত্বপূর্ণ মোড়ে আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়ায় ধর্মতলা ও তৎসংলগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ, এস এন ব্যানার্জি রোডে যান চলাচল ব্যাহত হয়। তীব্র যানজটে পড়ে চরম ভোগান্তির শিকার হন পথচারী ও নিত্যযাত্রীরা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ