
বাঁকুড়া, ৭ আগস্ট (হি.স.) : যুব সংসদ প্রতিযোগিতাকে সামনে রেখে শুক্রবার বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে স্কুল ও কলেজ পর্যায়ের একটি কর্মশালার আয়োজন করা হয়। জেলা স্কুল শিক্ষা দফতরের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালার সূচনা হয় উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক বিল্লেশ্বর সিনহা, কোতুলপুরের বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদার, সমাজকর্মী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জেলা ম্যাজিস্ট্রেট (প্রাথমিক) পার্থ প্রতিম বিশ্বাস-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।জেলা স্কুল শিক্ষা দফতরের আধিকারিক সত্যজিৎ রায় জানান, ২০২২ সাল থেকে যুব সংসদ প্রতিযোগিতা বন্ধ ছিল। নতুন সরকার গঠনের পর তা পুনরায় চালু করা হয়েছে। তিনি জানান, জেলার ২২টি ব্লক ও তিনটি পুরসভার মোট ১৯৬টি স্কুল এবং ২৪টি কলেজের প্রতিনিধিরা এদিনের কর্মশালায় অংশগ্রহণ করেন।তিনি আরও জানান, স্কুল পর্যায়ের প্রতিযোগিতা প্রথমে ব্লক স্তরে অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা জেলা, বিভাগীয় এবং রাজ্য স্তরে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, কলেজ পর্যায়ের প্রতিযোগিতা জেলা, বিভাগীয় ও রাজ্য স্তরে আয়োজিত হবে।কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতিযোগিতার নিয়মাবলি, পরিচালন পদ্ধতি এবং আয়োজন সংক্রান্ত নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। আধিকারিকদের আশা, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সংসদীয় গণতন্ত্র, নেতৃত্বের গুণাবলি এবং সাংবিধানিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট