
হুগলি , ৭ আগস্ট (হি.স.): আরামবাগকে পৃথক প্রশাসনিক জেলা হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া নিয়ে শুক্রবার হুগলি জেলা সদরে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে আরামবাগ মহকুমার অন্তর্গত বিভিন্ন বিধানসভা এলাকার বিধায়ক এবং প্রশাসনের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলাশাসকও।
বৈঠকে প্রস্তাবিত আরামবাগ প্রশাসনিক জেলার পরিধি, বিভিন্ন দফতরের পরিকাঠামো, প্রশাসনিক কাজের সুবিধা এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা যায়।
আরামবাগকে পৃথক জেলা করার প্রক্রিয়ায় কোন কোন এলাকা অন্তর্ভুক্ত হবে, প্রশাসনিক দফতরগুলির কাঠামো কী হবে এবং জেলা গঠনের ক্ষেত্রে কী কী পরিকাঠামোগত প্রস্তুতি প্রয়োজন—সেসব বিষয়ও বৈঠকে পর্যালোচনা করা হয়।
প্রশাসনিক জেলা হিসেবে আরামবাগ আত্মপ্রকাশ করলে বিস্তীর্ণ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রশাসনিক সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। জেলা সদর থেকে দূরবর্তী এলাকার বাসিন্দাদের সরকারি পরিষেবা পেতে যাতায়াতের সময় ও খরচ কমবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
আজকের এই পর্যালোচনা বৈঠককে আরামবাগ জেলা গঠনের প্রস্তুতি পর্বে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA