
আরামবাগ , ৭ আগস্ট (হি.স.): টানা বৃষ্টিতে বাড়ছে দ্বারকেশ্বর নদীর জল। নদীর পাড়ে বসবাসকারী মানুষজন যখন জল বাড়ার আশঙ্কায় উদ্বিগ্ন, ঠিক সেই সময় আরামবাগের রামকৃষ্ণ ব্রিজের নিচে বন্ধ হয়ে পড়ে থাকা জৈব সার তৈরির মেশিনকে ঘিরে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে।
শুক্রবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন , দীর্ঘদিন ধরে মেশিনটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু মেশিনের আশপাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। নদীর পাড় সংলগ্ন এলাকায় এমন দুর্গন্ধে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠছে বলে দাবি তাঁদের।
এদিন এলাকাবাসীরা অভিযোগ করেন , জৈব সার তৈরির উদ্দেশ্যে মেশিনটি বসানো হলেও বর্তমানে সেটি কার্যত বন্ধ। অথচ মেশিন ও তার আশপাশের পরিবেশ নিয়ে যথাযথ নজরদারি না থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এর ফলে নদীর পাড়ের পরিবেশ ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
অন্যদিকে, টানা বৃষ্টির জেরে দ্বারকেশ্বর নদীতে জলস্তরও বাড়ছে। ফলে নদীর পাড়ের পরিবেশ নিয়ে এমনিতেই উদ্বেগ রয়েছে বাসিন্দাদের মধ্যে। তার উপর বন্ধ মেশিন থেকে দুর্গন্ধ ছড়ানোয় ক্ষোভ আরও বাড়ছে।
স্থানীয়দের দাবি, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বন্ধ মেশিনটির বর্তমান অবস্থা খতিয়ে দেখা হোক। দুর্গন্ধের উৎস চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নদীর পাড়ের পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দাবি জানিয়েছেন তাঁরা।
নদীতে জল বাড়ার এই পরিস্থিতিতে পরিবেশ দূষণের অভিযোগকে গুরুত্ব দিয়ে প্রশাসন কতটা দ্রুত পদক্ষেপ করবে, এখন সেটাই দেখার।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA