
হাফলং (অসম), ৭ আগস্ট (হি.স.) : ডিমা হাসাও পুলিশ গত পাঁচ দিনে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত তিনটি পৃথক অভিযানে ২০৯ গ্রাম হেরোইনের সঙ্গে ছয় মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফারুক আহমেদ এ খবর দিয়ে জানান, নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মাহুর রেলওয়ে স্টেশন, মাইবাং রেলওয়ে স্টেশন এবং হারাঙ্গাজাও এলাকায় অভিযান চালিয়ে ছয় অভিযুক্তকে গ্রেফতার করে। মাহুর রেলওয়ে স্টেশনে প্রথম অভিযানে এক ব্যক্তির কাছ থেকে চারটি প্লাস্টিকের সাবানের কৌটায় রাখা ৫৪ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়।
মাইবাং রেলওয়ে স্টেশনে দ্বিতীয় অভিযানে তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুটি প্লাস্টিকের সাবানের কৌটায় রাখা ২৩.২২ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। হারাঙ্গাজাওয়ে তৃতীয় অভিযানে আরও দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় ১০টি প্লাস্টিকের সাবানের কৌটায় রাখা ১৩২.৪৬ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে পুলিশ।
তিনটি অভিযানে মোট ২০৯.৬৮ গ্রাম সন্দেহভাজন হেরোইন, পাঁচটি মোবাইল ফোন এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
নিষিদ্ধ মাদকের উৎস শনাক্ত করা এবং এই পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফারুক আহমেদ।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব