
আগরতলা, ৭ আগস্ট (হি.স.) : আগরতলা শহরের উপকন্ঠে এয়ারপোর্ট রোড এলাকায় অবস্থিত একটি বেসরকারি চিল্ড্রেন্স হোম থেকে রহস্যজনকভাবে ছয় নাবালিকার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় চার ঘন্টার তল্লাশি অভিযানের পর গভীর রাতে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে হোম কর্তৃপক্ষ ও পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে হোমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, এয়ারপোর্ট থানাধীন অম্বেষা চিল্ড্রেন্স হোমে বৃহস্পতিবার সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকী উপলক্ষ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের ব্যস্ততার কারণে হোমে থাকা আবাসিকদের বিকেলের জলখাবার পরিবেশনে কিছুটা দেরি হয়। সেই সময়ই কর্তৃপক্ষের নজরে আসে, হোমে থাকা ছয় নাবালিকাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এরপরই হোম কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে তল্লাশি শুরু করে এবং এয়ারপোর্ট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। হোম কর্তৃপক্ষের দাবি, প্রথমদিকে ওই ছয় নাবালিকা হোমের প্রাচীরঘেরা কমপ্লেক্সের মধ্যেই বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল এবং কর্তৃপক্ষের সঙ্গে একপ্রকার লুকোচুরি খেলছিল। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তাঁরা ভয় পেয়ে বাউন্ডারি ওয়ালের টিনে ঘেরা একটি অংশ দিয়ে বাইরে বেরিয়ে যায়।
পুলিশ ও হোম কর্তৃপক্ষ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। জানা যায়, নাবালিকারা নির্মীয়মাণ বাইপাস সড়ক এলাকায় দীর্ঘক্ষণ ঘোরাফেরা করছিল। প্রায় চার ঘন্টার অনুসন্ধানের পর হোমের কর্মীদের একটি দল তাঁদের দেখতে পায়। কর্মীদের দেখে আতঙ্কিত হয়ে দুই নাবালিকা পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে ওই বাড়ি থেকে তাঁদের উদ্ধার করে হোমে ফিরিয়ে আনা হয়। বাকি চারজনকেও নিরাপদে ফিরিয়ে আনা হয়।
শুক্রবার অম্বেষা চিল্ড্রেন্স হোমের ইনচার্জ জয়ন্তী দেব জানান, বর্তমানে ছয় নাবালিকাই হোমে রয়েছে এবং তাঁরা সুস্থ ও নিরাপদ আছে। তবে কী কারণে তাঁরা হোম ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি।
ঘটনার পর থেকেই এলাকাবাসীর একাংশ হোমের নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচালনায় গাফিলতির অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, যথাযথ নজরদারি ও দায়িত্বশীলতার অভাবেই এমন ঘটনা ঘটেছে। বিশেষ করে সম্প্রতি রাজধানীতে একের পর এক আবাসিক প্রতিষ্ঠানে নিরাপত্তা সংক্রান্ত ঘটনা সামনে আসায় অভিভাবক ও সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে।
এদিকে, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। নাবালিকারা কেন হোম ছেড়ে বেরিয়ে পড়েছিল, নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না এবং কর্তৃপক্ষের কোনও গাফিলতি রয়েছে কি না—সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ