
অন্ডাল, ৮ আগস্ট (হি. স.): ১৯ নম্বর জাতীয় সড়কের কাজোড়া মোড় থেকে অন্ডাল মোড়ের মাঝামাঝি এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে রাস্তা দখলমুক্ত করার কাজ শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। শনিবার কর্তৃপক্ষের উদ্যোগে ওই এলাকায় শুরু হয় উচ্ছেদ অভিযান। জাতীয় সড়কের উপর এবং রাস্তার সংলগ্ন অংশে থাকা অনুমোদনহীন নির্মাণগুলি সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাস্তার উপর এবং একেবারে সংলগ্ন অংশে বেশ কিছু নির্মাণ ছিল। অভিযোগ, ওই নির্মাণগুলির কারণে জাতীয় সড়কের স্বাভাবিক পরিসর কমে যাচ্ছিল এবং যান চলাচলেও সমস্যা তৈরি হচ্ছিল। ব্যস্ত এই সড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল বলে দাবি কর্তৃপক্ষের আধিকারিকদের।
এদিন অভিযান শুরু হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জাতীয় সড়কের জায়গা দখল করে থাকা নির্মাণগুলি চিহ্নিত করে ধাপে ধাপে সেগুলি ভেঙে ফেলার কাজ শুরু হয়। রাস্তার উপর এবং সংলগ্ন অংশে থাকা অন্যান্য অনুমোদনহীন নির্মাণের বিরুদ্ধেও আগামী দিনে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, রাস্তার স্বাভাবিক পরিসর ফিরিয়ে এনে যান চলাচল আরও নিরাপদ ও স্বচ্ছন্দ করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়