রায়নায় ধান রোপণের সময় বজ্রপাতে মৃত্যু পরিযায়ী কৃষি শ্রমিকের
রায়না, ৮ আগস্ট (হি. স.):চাষের জমিতে ধান রোপণের কাজ করার সময় আচমকা বজ্রপাতে মৃত্যু হল এক পরিযায়ী কৃষি শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের কুমারপুর মৌজায়। মৃত শ্রমিকের বাড়ি বাঁকুড়া জেলায় বলে জানা গিয়েছে। স্থানী
কৃষি শ্রমিক মৃত্যু


রায়না, ৮ আগস্ট (হি. স.):চাষের জমিতে ধান রোপণের কাজ করার সময় আচমকা বজ্রপাতে মৃত্যু হল এক পরিযায়ী কৃষি শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের কুমারপুর মৌজায়। মৃত শ্রমিকের বাড়ি বাঁকুড়া জেলায় বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার অন্যান্য শ্রমিকের সঙ্গে কুমারপুর এলাকায় ধান রোপণের কাজে এসেছিলেন ওই শ্রমিক। দুপুর প্রায় ২টা ১৫ মিনিট নাগাদ মাঠে কাজ করার সময় আচমকা আকাশ কালো করে মেঘ নামে। এরপর মুষলধারে বৃষ্টির সঙ্গে শুরু হয় তীব্র বজ্রপাত। সেই সময় মাঠে কাজ করার অবস্থাতেই ওই শ্রমিকের উপর সরাসরি বাজ পড়ে।

বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় মাধবডিহী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কুমারপুর মৌজা এবং মৃত শ্রমিকের গ্রামের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বর্ষার মরসুমে মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে কৃষি শ্রমিকদের।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande