
মালদা, ৮ আগস্ট (হি. স.): মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের ইকতা বাজার এলাকায় এক তৃণমূল কর্মীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক তৈরি হয়। মৃতের নাম নাসিরুদ্দিন (২৬)। তিনি পঞ্চানন্দপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
শনিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ইকতা বাজার এলাকায় নাসিরুদ্দিনকে কয়েকজন ব্যক্তি মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাসিরুদ্দিনের বিরুদ্ধে অতীতে তোলাবাজি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া এবং এলাকায় সন্ত্রাসের অভিযোগ ছিল। ওই সব অভিযোগের ভিত্তিতে কয়েক মাস আগে তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত ছিলেন।
তবে কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে, নাকি ব্যক্তিগত শত্রুতার কারণে নাসিরুদ্দিনকে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এলাকায় নতুন করে কোনও উত্তেজনা ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে পুলিশ নজর রাখছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়