
আসানসোল, ৯ আগস্ট (হি.স.): রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল রবিবার আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে কেমোথেরাপির জন্য পাঁচ শয্যার বিশেষ অনকোলজি ওয়ার্ডের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শেখ মহম্মদ ইউনুস, জেলা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট সহ বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।
এদিন মন্ত্রী 'প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত' অভিযানের আওতায় 'নিক্ষয় মিত্র' কর্মসূচিতেও অংশ নেন। যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাদ্যের সংস্থান নিশ্চিত করতে প্রতি মাসে মাত্র ৫০০ টাকার বিনিময়ে অন্তত দু'জন করে রোগীকে দত্তক নেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। সামাজিক মাধ্যমে মন্ত্রী জানিয়েছেন, আসানসোল জেলা হাসপাতালে অনকোলজি ওয়ার্ডের শুভ উদ্বোধন এবং ‘টি বি মুক্ত ভারত’ কর্মসূচি-তে উপস্থিত থাকতে পেরে তিনি আনন্দিত। সুস্থ ও রোগমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া এবং যক্ষ্মার বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা সকলের দায়িত্ব বলেও জানান তিনি। এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও শক্তিশালী করে তুলবে বলে আশাবাদী অগ্নিমিত্রা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ