
পশ্চিম বর্ধমান, ৯ আগস্ট (হি.স.): রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র ও কার্তুজ। পশ্চিম বর্ধমানের অন্ডাল থানা এলাকার একটি পরিত্যক্ত কোয়ার্টারে তল্লাশি চালিয়ে এই সাফল্য পেয়েছেন গোয়েন্দারা। উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে ৯ এমএম ও ৭ এমএম পিস্তল ও রিভলভার-সহ মোট ১৫টি আগ্নেয়াস্ত্র এবং ৫৬ রাউন্ড গুলি।
জানা গেছে, এই অস্ত্র উদ্ধারের নেপথ্যে রয়েছে এক ধারাবাহিক তদন্ত প্রক্রিয়া। গত মাসে অস্ত্র পাচারের অভিযোগে খইরুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিলেন এসটিএফের গোয়েন্দারা। তাঁর বিরুদ্ধে জামুরিয়া থানায় মামলা রুজু করা হয়। খইরুলকে জেরা করে মিলেছিল নতুন তথ্য, যার ভিত্তিতে চলতি সপ্তাহেই ঝাড়খণ্ডের রাঁচি থেকে শামসের হোসেন নামে এক কুখ্যাত কয়লা মাফিয়া তথা বেআইনি অস্ত্র কারবারিকে হেফাজতে নেন তদন্তকারীরা। ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে অন্ডালের ওই পরিত্যক্ত কোয়ার্টারটির কথা জানতে পারেন গোয়েন্দারা। এর পরেই শনিবার গভীর রাতে ওই আস্তানায় আচমকা হানা দেয় এসটিএফ-এর একটি বিশেষ দল। কোয়ার্টারের ভেতর গোপন ডেরা থেকে উদ্ধার হয় এই অস্ত্রসম্ভার। কী উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই পেছনে অন্য কোনও বড় চক্র রয়েছে কি না, তা জানতে তদন্ত জারি রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ