
মালদা, ৯ আগস্ট (হি.স.): রোগী মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালে। রবিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হন এলাকার এক বাসিন্দা। তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কিন্তু ওই ব্যক্তির পরিবারের সদস্যরা তা মানতে নারাজ। এর পরেই তাঁরা হাসপাতালে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ট্রাক চালকের মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মালদার রতুয়া হাসপাতালে। রোগী জীবিত থাকলেও তাকে মৃত বলা হচ্ছে, এমনই দাবি তুলে ভাঙচুর চালান রোগীর আত্মীয়দের একাংশ। খবর পেয়ে পুলিশ এলে, পুলিশের সঙ্গেও তাদের ধ্বস্তাধস্তি বেধে যায়। রবিবার দুপুরের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম মহম্মদ শাকিম (৫২)। এ দিন সকালে ট্রাকে ভুট্টা ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেন চিকিৎসকরা। কিন্তু রোগী জীবিত রয়েছেন বলে তার আত্মীয়রা দাবি করেন। চিকিৎসক ফের পরীক্ষা করে জানান তার মৃত্যু হয়েছে। এরপরেই ধুন্ধুমার বেধে যায়। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ