জনজাতি উচ্ছেদের প্রতিবাদে সরব, বন আইন বাতিলের দাবি
আগরতলা, ৯ আগস্ট (হি.স.) : আন্তর্জাতিক জনজাতি জন দিবস উপলক্ষ্যে কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির ত্রিপুরা শাখা। রবিবার রাজধানী আগরতলায় কর্নেল চৌমুহনী এলাকায় সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন
দাবি আদায়ে রাজপথে


আগরতলা, ৯ আগস্ট (হি.স.) : আন্তর্জাতিক জনজাতি জন দিবস উপলক্ষ্যে কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির ত্রিপুরা শাখা। রবিবার রাজধানী আগরতলায় কর্নেল চৌমুহনী এলাকায় সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির ত্রিপুরা শাখার আহ্বায়ক মলিন দেববর্মা-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আন্তর্জাতিক জনজাতি জন দিবস উপলক্ষ্যে এদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনজাতি ও বনবাসীদের অধিকার রক্ষার দাবিতে সরব হন সংগঠনের সদস্যরা। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মলিন দেববর্মা বলেন, আন্তর্জাতিক জনজাতি জন দিবস উপলক্ষ্যে অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আগরতলাতেও এই কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি বলেন, ৯ আগস্ট ঐতিহাসিক 'ভারত ছাড়ো' আন্দোলনের সূচনার দিন। এই দিনটি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ঐতিহাসিক দিনের তাৎপর্যকে সামনে রেখে বর্তমানে জনজাতি ও বনবাসীদের উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে।

মলিন দেববর্মার অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্তে বনাঞ্চলের উপর নির্ভরশীল জনজাতি ও বনবাসীদের অধিকার নানা কারণে সংকুচিত হচ্ছে। তাঁদের দীর্ঘদিনের বসবাস ও জীবিকার সঙ্গে যুক্ত অরণ্য থেকে উচ্ছেদের যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে সংগঠন আন্দোলন চালিয়ে যাবে বলেও তিনি জানান।

এদিন সংগঠনের পক্ষ থেকে সংসদে পাস হওয়া জনজাতি স্বার্থবিরোধী বলে দাবি করা বিভিন্ন আইন বাতিলের দাবি জানানো হয়। বিশেষ করে বন সংরক্ষণ আইন, ২০২২ এবং বন সংশোধন বিল, ২০২৩ বাতিল করার দাবি তোলা হয়। পাশাপাশি অরণ্যের অধিকার আইন, ২০০৬ পুনরায় কার্যকর ও যথাযথভাবে বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে।

সংগঠনের বক্তব্য, বন ও অরণ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে নিবিড়ভাবে যুক্ত জনজাতি ও বনবাসীদের অধিকার সুরক্ষিত না হলে তাঁদের জীবন-জীবিকা এবং সামাজিক অস্তিত্ব সংকটের মুখে পড়বে। তাই তাঁদের অধিকার রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিনের কর্মসূচি থেকে এই দাবিগুলিই তুলে ধরা হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande