
দিঘা, ৯ আগস্ট (হি. স.) : বর্ষা মানেই বাঙালির ইলিশ-উৎসব। কিন্তু মরশুমের শুরুতে চাহিদার তুলনায় জোগান কম থাকায় বাজারে পর্যাপ্ত ইলিশের দেখা মেলেনি। দামও ছিল সাধারণ ক্রেতার নাগালের বাইরে। তবে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলি ফিরতেই দিঘার মোহনায় উঠছে বিপুল পরিমাণ ইলিশ।
রবিবার সকালে দিঘার মোহনায় ফিরে আসা একটি ট্রলারে প্রায় আড়াই টন ইলিশ ছিল বলে মৎস্যজীবীদের দাবি। ছোট, মাঝারি সাইজের থেকে শুরু করে ১২০০-১৩০০ গ্রাম ওজনের ইলিশও ধরা পড়েছে। মৎস্যজীবী ও ব্যবসায়ীদের সূত্রে খবর, এ দিন পর্যন্ত দিঘার মোহনায় মোট ৩০ টনেরও বেশি ইলিশ উঠেছে।
উল্লেখ্য, পাইকারি বাজারে ৩০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি প্রায় ৪০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজির বেশি ওজনের ইলিশের দাম ১৩০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত।
প্রসঙ্গতঃ দিঘা ফিস অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নবকুমার পইড়ার কথায়, নিষেধাজ্ঞা ওঠার পর প্রথম দিকে ইলিশের জোগান কম ছিল। পরে দুর্যোগের কারণে ফের সমস্যা তৈরি হয়। এখন পরিস্থিতি অনুকূল হওয়ায় বাড়ছে মাছের আমদানি।
মৎস্যজীবী ও ব্যবসায়ীদের আশা, আগামী দিনে আরও ট্রলার সমুদ্রে নামলে জোগান বাড়বে এবং ইলিশের দামও কিছুটা কমবে। তাতে স্বস্তি ফিরতে পারে ইলিশপ্রেমীদের বাজারেও।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত