
নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): বিরোধীরা জবাবদিহির দাবি তোলা বন্ধ করে দেবে, এমনটা সরকারের ভেবে নেওয়া উচিত নয়। কেন্দ্রীয় সরকারকে রবিবার এভাবেই নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী|
রবিবার রাহুল গান্ধী বলেন, প্রয়াগরাজে এক ছাত্র তাঁকে বলেছে যে, তার কাছে আর কোনও পথ খোলা নেই। বছরের পর বছর ধরে প্রস্তুতি নিয়ে, পরিবারের জমি বিক্রি করে, বাবা-মায়ের মাথায় ঋণের বোঝা থাকা সত্ত্বেও ছাত্রটির কর্মসংস্থান না হওয়া, আদতে সেই ছাত্রটির ব্যর্থতা নয়; বরং এটি এমন একটি ব্যবস্থার পরাজয়, যা যুব সমাজের পরিশ্রমের যোগ্য মূল্য দিতে ব্যর্থ হয়েছে।
তিনি ছাত্রদের সমস্যা নিয়ে নীরব থাকার জন্য কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন। রাহুল গান্ধী বলেন, ছাত্রদের ওপর পুলিশি পদক্ষেপের ঘটনার ১৩ দিন অতিক্রান্ত| তাও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি আসেনি। ক্ষমা চাওয়ার পরিবর্তে দয়া দেখানো হচ্ছে। রাহুল গান্ধী বলেন, সরকারের এমনটা ভাবা উচিত নয় যে, বিরোধী দল জবাবদিহির দাবি তোলা বন্ধ করে দেবে। দেশের রাজধানীর রাস্তায় ছাত্রদের ওপর লাঠি ও ছররা গুলি চালানো হয়েছিল| কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তিনি স্পষ্টভাবে বলেন, জবাবদিহি এড়াতে পারে না সরকার| সরকারকে এই ঘটনার সম্পূর্ণ দায় নিতেই হবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ