
দেহরাদূন, ৯ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বাগেশ্বর, পিথোরাগড় এবং চামোলির কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলোতে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এছাড়া দেহরাদূন, তেহরি, রুদ্রপ্রয়াগ, নৈনিতাল এবং চম্পাবতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার দেহরাদূন, বাগেশ্বর, নৈনিতাল এবং চম্পাবতের কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি; আর উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, তেহরি, পৌড়ি, পিথোরাগড় এবং উধম সিং নগরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, দেহরাদূন, তেহরি, পৌড়ি, নৈনিতাল এবং বাগেশ্বরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দেহরাদূন, তেহরি ও বাগেশ্বরে এবং বৃহস্পতিবার তেহরি, পিথোরাগড় ও চম্পাবতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিগত ২৪ ঘণ্টায় রাজ্যের একাধিক স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতর ভারী বৃষ্টির জেরে ধস, নদীর জলস্তর দ্রুত বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছে। কিছু জায়গায় বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। উল্লেখ্য, উত্তরাখণ্ডে টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই অনেক নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ