
উত্তর ২৪ পরগনা, ৯ আগস্ট (হি.স.): এবার বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোর স্লোগানও শুনতে হয়েছে তাঁকে। রবিবার হালিশহরে ভূতবাগান মোড়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। চোর স্লোগান দিয়ে ছোড়া হয় কাদা ও চটি।
রবিবার দুপুরে হালিশহরের ভূতবাগানে এই ঘটনায় প্রথমে হতচকিত হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। কাঁচরাপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের পদত্যাগী তৃণমূল কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী বিরজু কেওটকে শুক্রবার দুর্নীতি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করে পুলিশ। পুলিশি হেফাজতে থাকাকালীন শনিবার মৃত্যু হয় বিরজুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতারা অভিযোগ করেন, পুলিশের মারেই মৃত্যু হয়েছে তাঁর। মমতা বিরজুর বাড়িতেই যাচ্ছিলেন দেখা করতে।
এই বিক্ষোভ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশের চোখের সামনেই সমাজবিরোধীরা আমার গাড়িতে বড় বড় পাথর ছুঁড়েছে। গাড়ির ওপর হামলাটা এতটাই তীব্র ছিল যে জানলা খোলা থাকলে আমার মাথা ফেটে যেত। আমরা সবাই প্রাণ হারাতে পারতাম। পুলিশের সামনেই এসব ঘটল। এমন ঘটনা আমি কখনও দেখিনি। কী হচ্ছে এসব? পুলিশ বিজেপিকে সুরক্ষা দিচ্ছে। মমতার সঙ্গে ছিলেন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। তাঁরাও বিক্ষোভের মুখে পড়ে ক্ষোভ উগরে দেন প্রশাসনের বিরুদ্ধে। কল্যাণ বলেন, ‘‘শুভেন্দু অধিকারী পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছেন। মাফিয়াদের দিয়ে কাজ করাচ্ছেন।’’ বীজপুরের রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে রাখতে হয় পুলিশকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ