গাল টেপার ছলে যৌন হেনস্তার অভিযোগ! বাধা দিতেই মারধর, সুবিচারের আশায় বিধায়কের দ্বারস্থ পরিবার
দুর্গাপুর, ৯ আগস্ট (হি. স.): গাল টেপার নাম করে বিশেষ চাহিদাসম্পন্ন এক স্কুলছাত্রকে লাগাতার যৌন হেনস্তার অভিযোগ উঠল পুলকার চালকদের বিরুদ্ধে। বাধা দেওয়ায় মারধর করা হয় তাকে। রবিবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। ঘটনার পর নিউটাউনশিপ থ
গাল টেপার ছলে যৌন হেনস্তার অভিযোগ! বাধা দিতেই মারধর, সুবিচারের আশায় বিধায়কের দ্বারস্থ পরিবার


দুর্গাপুর, ৯ আগস্ট (হি. স.): গাল টেপার নাম করে বিশেষ চাহিদাসম্পন্ন এক স্কুলছাত্রকে লাগাতার যৌন হেনস্তার অভিযোগ উঠল পুলকার চালকদের বিরুদ্ধে। বাধা দেওয়ায় মারধর করা হয় তাকে। রবিবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। ঘটনার পর নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রের পরিবারের সদস্যরা। সুবিচারের আশায় দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয় পীড়িত ছাত্রটির পরিবার। যদিও অভিযুক্ত পুলকার চালক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

নিগৃহীত ওই ছাত্র দুর্গাপুর নিউটাউনশিপ থানা এলাকার একটি বেসরকারি স্কুলে ষষ্ঠশ্রেনীতে পড়ে। পুলকারে করে স্কুলে যাতায়াত করে সে। পরিবারের অভিযোগ, লাগাতার ছেলের গাল টিপতেন পুলকারের দুই চালক। বারবার বারণ করা হলেও কথা শোনেননি তাঁরা। ছাত্রের বাবা-মা-ও অভিযুক্তদের এসব কাজ করতে নিষেধ করেছিলেন। চলতি মাসের গত ১ তারিখ ফের ওই ছাত্রকে যৌন হেনস্তার চেষ্টা করা হলে সে এক অভিযুক্তের হাতে কামড়ে দেয়। এরপরই দু’জন মিলে তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর ও যৌন হেনস্তা করেন। ঘটনার পর এক সপ্তাহ কেটে গেলেও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায়, রবিবার সকালে দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছায় ছাত্রটির পরিবার। বিধায়কের কাছে তারা দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিবারের মুখ থেকে পুরো ঘটনা শোনার পর বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে ফোন করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দেন।

ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধায়ক জানান, রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, অপরাধী যেই হোক না কেন কেউ ছাড় পাবে না। একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সঙ্গে এই ধরনের আচরণ অত্যন্ত জঘন্য। পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে নিউটাউনশিপ থানার পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আইনমাফিক সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande