সোমবার শ্রীভূমি শহরে তিরঙ্গা যাত্রা
শ্রীভূমি (অসম), ৯ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের নির্দেশনায় শ্রীভূমি জেলায় ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আগামী সোমবার শ্রীভূমি শহরে তিরঙ্গা যাত্রার
সোমবার শ্রীভূমি শহরে তিরঙ্গা যাত্রা


শ্রীভূমি (অসম), ৯ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের নির্দেশনায় শ্রীভূমি জেলায় ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আগামী সোমবার শ্রীভূমি শহরে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় জেলা আয়ুক্ত কার্যালয় প্রাঙ্গণ থেকে যাত্রাটি শুরু হয়ে সার্কিট হাউস রোড হয়ে জেলা গ্রন্থাগার ভবনে গিয়ে সমাপ্ত হবে। তিরঙ্গা যাত্রাতে সরকারি আধিকারিক ও কর্মী, ছাত্রছাত্রী, ইয়ুথ ভলান্টিয়ারসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণকে এই তিরঙ্গা যাত্রাতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসাধারণের ভবনে ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত তিরঙ্গা আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ‘বন্দে মাতরম’ থিমে ত্রিবর্ণ রঞ্জিত আলপনা ও বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

সাধারণ মানুষের কাছে জাতীয় পতাকা সহজলভ্য করতে এএসআরএলএম ও এনইউএলএম-এর আত্মসহায়ক গোষ্ঠীগুলির তৈরি জাতীয় পতাকা সরকারি কার্যালয় ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় ৩৫টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে আগামী ১৪ আগস্ট পর্যন্ত বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া আগামী ১২ আগস্ট বিকেল ৪টায় সার্কিট হাউস থেকে শহীদ বেদীর উদ্দেশ্যে বাইক ও সাইকেল শোভাযাত্রা বের হবে। ১৩ আগস্ট বিকেল ৪টায় জেলা আয়ুক্ত কার্যালয়ে ‘বন্দে মাতরম’ থিমে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হবে। ১৪ আগস্ট বিকেল ৫টায় দেশভাগ ও বিভীষিকা নিয়ে আলোচনা সভার পর এমজি রোড পয়েন্ট পর্যন্ত ক্যান্ডেললাইট মার্চ অনুষ্ঠিত হবে।

এদিকে ১ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত MyGov পোর্টালে জাতীয় অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষকে HarGharTiranga.com ওয়েবসাইটে তিরঙ্গার সঙ্গে সেলফি আপলোড করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল বিভাগীয় প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির প্রতিটি আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে স্বাধীনতার চেতনাকে আরও উজ্জীবিত করার আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande