
লখনউ, ৯ আগস্ট (হি.স.): রবিবার লখনউতে বিজেপির উদ্যোগে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে লোক ভবন পর্যন্ত তিরঙ্গা যাত্রা হয়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই তিরঙ্গা যাত্রার সূচনা করেন| ছিলেন বিজেপির রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরীও। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক, মন্ত্রী সুরেশ খান্না, দয়াশঙ্কর সিং, বিজেপি নেতা গোবিন্দ নারায়ণ শুক্লা এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ প্যাটেল| তাঁরাও এই তিরঙ্গা যাত্রায় অংশ নেন। এই তিরঙ্গা যাত্রায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাও অংশগ্রহণ করে।
মুখ্যমন্ত্রী যোগী এদিন বলেন, তিরঙ্গা আমাদের ঐতিহ্য এবং ভারতের গৌরবের প্রতীক। জাতীয় সঙ্গীত ও জাতীয় গীতকে অবমাননা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। ভারতে বসবাস করবেন কিন্তু ভারতের প্রতীক, ভারতের মহাপুরুষ, জাতীয় সঙ্গীত ও জাতীয় গীতকে অপমান করবেন, এমনটা আর হবে না। মুখ্যমন্ত্রী বলেন, যে কাজটি ১৯৪৭ সালে হওয়া উচিত ছিল, তার জন্য ৭৫ বছর সময় কেন লাগলো? কিছু মানুষের কাছে ক্ষমতাই ছিল সর্বাগ্রে| কিন্তু মোদীজীর কাছে দেশই প্রথম। মুখ্যমন্ত্রী সবাইকে নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য আবেদন জানান। তিনি বলেন, কংগ্রেসের আমলে বাড়িতে জাতীয় পতাকা লাগানোর জন্য সংগ্রাম করতে হতো| কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪০ কোটি ভারতীয়কে বাড়িতে তেরঙ্গা উত্তোলনের স্বাধীনতা দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ