
শিলিগুড়ি, ৯ আগস্ট (হি.স.): মর্মান্তিক ঘটনা দার্জিলিং জেলার নকশালবাড়ির দয়ারামজোত এলাকায়| রবিবার ঘটনাটি প্রকাশ্যে এসেছে। চুরির চেষ্টা করায় অভিযুক্তকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠলো| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু'জনকে|
অভিযোগ, নকশালবাড়ির দয়ারামজোত এলাকায় এক গৃহস্থের বাড়িতে চুরির চেষ্টার সময় অভিযুক্ত যুবকের পা গ্রিলে আটকে যায়। রবিবার ভোরের দিকে বাড়ির লোকেরা তাকে ধরে ফেলে। ভিড় জমে যায় এলাকায়| কিছু লোক যুবকটিকে নির্মমভাবে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে| তাকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়| চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের নাম সূরজ ওঁরাও| অটল চা বাগানের সাতভাইয়া ডিভিশনের বাসিন্দা ছিল সে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে| এই ঘটনায় পুলিশ সূরজ মল্লিক এবং রঞ্জন সেন নামে দু'জনকে গ্রেফতার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ