
বাঁকুড়া, ৯ আগস্ট (হি.স.): চাষের কাজ সেরে ট্রাক্টর নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল দুই সহোদর ভাইয়ের। শনিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটে ছাতনার শুশুনিয়া পাহাড় সংলগ্ন শিউলিবোনা গ্রামে। মৃত দুই ভাইয়ের বাড়ি কালাঝরিয়া গ্রামে। মাত্র দু’মাস আগে সংসারের হাল ফেরাতে দুই ভাই মিলে ধারদেনা করে একটি ট্রাক্টর কিনেছিলেন। সেই ট্রাক্টরই শেষ পর্যন্ত তাঁদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল।
রবিবার পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ট্রাক্টর নিয়ে একসঙ্গে চাষের কাজে বেরিয়েছিলেন দুই ভাই। দিনভর অন্যের জমিতে ট্রাক্টর চালানোর পর সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শিউলিবোনা গ্রামের কাছে সরু ও আঁকাবাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পাশের জল-কাদায় ভরা মাঠে উল্টে যায়। ট্রাক্টরের নিচে চাপা পড়েন দুই ভাই।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট ভাই দুর্যোধন বাউরি (৩০)-র। দুর্ঘটনার সময় তিনিই ট্রাক্টরটি চালাচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁর বড় ভাই আশিস বাউরি (৪২)-কে উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
মৃত দুই ভাইয়ের আত্মীয় রাধানাথ বাউরি জানান, শনিবার সকালে দুই ভাই ট্রাক্টর নিয়ে পাশের শিউলিবোনা গ্রামে গিয়েছিলেন। অন্যের চাষের জমিতে ট্রাক্টর চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন তাঁরা। ফেরার পথে সরু ও আঁকাবাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরের নিচে চাপা পড়া দুই ভাইকে উদ্ধার করেন। পরে তাঁদের ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ভাইয়ের পরিবারই এতদিন দিনমজুরির উপর নির্ভরশীল ছিল। সংসারের আর্থিক পরিস্থিতি বদলানোর আশায় দুই ভাই কিছু টাকা জমিয়ে এবং ধারদেনা করে মাত্র দু’মাস আগে নতুন ট্রাক্টরটি কিনেছিলেন। কিন্তু সেই ট্রাক্টরেই প্রাণ হারালেন দু’জন।
দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে রয়েছেন দুই ভাইয়ের স্ত্রী, বৃদ্ধা মা এবং তাঁদের তিনটি নাবালক সন্তান। আকস্মিক এই দুর্ঘটনায় কার্যত অনিশ্চয়তার মুখে পড়েছে পরিবারগুলির ভবিষ্যৎ।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট