
পূর্ব বর্ধমান, ৯ আগস্ট (হি.স.): সাতসকালে ধানজমি থেকে উদ্ধার হলো এক মহিলার দেহ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত খুদরুন গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় মঙ্গলকোট থানার বিশাল পুলিশ বাহিনী ও কাটোয়ার মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম অপর্ণা দাস (৪০)। তিনি খুদরুন গ্রামেরই বাসিন্দা। তাঁর বাপের বাড়ি পার্শ্ববর্তী কুলসোনা গ্রামে। জানা গেছে, অপর্ণাদেবী বাড়িতে একাই থাকতেন, তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে গ্রামের কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় থানায়। ঘটনার খবর পেয়ে কাটোয়ার এসডিপিও-র নেতৃত্বে মঙ্গলকোট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ