
আরামবাগ, ০৯ আগস্ট (হি.স.): আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর দুই বছরে ফের উঠল বিচারের দাবি। রবিবার হুগলির চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে তরুণী চিকিৎসকের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করলেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের পূর্ণাঙ্গ বিচার এখনও হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।
এদিন চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা একত্রিত হয়ে দুই মিনিট নীরবতা পালন করেন। তাঁদের হাতে ছিল বিচার দাবির বার্তা। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের প্রেসক্রিপশনেও লেখা দেখা যায়—‘জাস্টিস অফ অভয়া’।
তরুণী চিকিৎসকের মৃত্যুর দুই বছর পরও তাঁর পরিবারের ন্যায়বিচারের দাবি এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের প্রশ্ন ফের সামনে এসেছে। চুঁচুড়া জেলা হাসপাতালের এই নীরব কর্মসূচির মধ্য দিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জানিয়ে দিলেন, অভয়ার জন্য ন্যায়বিচারের দাবি এখনও জারি রয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA