বেহাল রাস্তা ও বিপজ্জনক বক্স কালভার্টে চরম দুর্ভোগ, ক্ষোভ উত্তর মদন কোবরা এলাকার বাসিন্দাদের
জিরানীয়া (ত্রিপুরা), ৯ আগস্ট (হি.স.) : কয়েক বছর ধরে রাস্তা মেরামত না হওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাই বিধানসভা কেন্দ্রের ডাকদু তুইসা সাব-জোনালের লক্ষ্মীপুর ভিলেজ কমিটির অন্তর্গত উত্তর মদন কোবরা এলাকার বাসিন্দ
রাস্তা সংস্কারের দাবি


জিরানীয়া (ত্রিপুরা), ৯ আগস্ট (হি.স.) : কয়েক বছর ধরে রাস্তা মেরামত না হওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাই বিধানসভা কেন্দ্রের ডাকদু তুইসা সাব-জোনালের লক্ষ্মীপুর ভিলেজ কমিটির অন্তর্গত উত্তর মদন কোবরা এলাকার বাসিন্দারা। বেহাল রাস্তার পাশাপাশি একটি বক্স কালভার্টের দুই পাশে মাটি না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। ইতিমধ্যেই ওই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য জোনালের তরফে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছিল। কিন্তু কালভার্ট নির্মাণের পর তার দুই পাশে প্রয়োজনীয় মাটি ভরাট ও রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ করা হয়নি। ফলে কালভার্টটি কার্যত বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। সামান্য অসাবধানতা হলেই দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

অন্যদিকে, উত্তর মদন কোবরা এলাকায় যাওয়ার মূল রাস্তাটিও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদামাটি ও জল জমে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ছাত্রছাত্রী, রোগী, বয়স্ক মানুষ থেকে শুরু করে সাধারণ পথচারী—সকলকেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

সমস্যা সমাধানের দাবিতে স্থানীয়রা একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। প্রায় এক বছর আগে ব্লক প্রশাসনের আধিকারিকরা এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং পরবর্তী সময়ে ডেপুটেশন দেওয়ার পরামর্শ দেন বলে জানান এলাকাবাসী। সেই অনুযায়ী বক্স কালভার্টের দুই পাশ মাটি দিয়ে সংস্কার করা এবং বেহাল রাস্তা দ্রুত মেরামতের দাবিতে জোনাল চেয়ারম্যান দীনেশ দেববর্মার কাছে ডেপুটেশন দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

স্থানীয়দের আরও অভিযোগ, সমস্যা নিয়ে বারবার জানানো হলেও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। মান্দাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপ্না দেববর্মাকে এই এলাকায় সমস্যাগুলি সরেজমিনে দেখতে দেখা যায়নি বলেও অভিযোগ করেছেন তাঁরা। একইভাবে, ব্লক প্রশাসনের আধিকারিকরাও প্রথমবার এলাকা পরিদর্শনের পর আর দ্বিতীয়বার খোঁজ নেননি বলে দাবি স্থানীয়দের।

প্রশাসনের আশায় বসে না থেকে স্থানীয় বাসিন্দারাই নিজেদের উদ্যোগে রাস্তার কিছু অংশ নিজেদের মতো করে মেরামতের চেষ্টা করেছেন। কিন্তু তাতেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বর্ষা এলেই ফের রাস্তার বেহাল দশা ফিরে আসে। ফলে প্রতিদিনের যাতায়াতে দুর্ভোগ অব্যাহত রয়েছে।

এলাকার বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ রাস্তা ও কালভার্টের এমন দুরবস্থা থাকলেও সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না। বিশেষ করে কালভার্টের দুই পাশে মাটি না থাকায় যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই কোনও প্রাণহানি বা বড় দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত কালভার্টের দুই পাশ মাটি দিয়ে ভরাট করে নিরাপদ করা এবং পুরো রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন উত্তর মদন কোবরা এলাকার সাধারণ মানুষ। তাঁদের দাবি, বিষয়টি আর দীর্ঘসূত্রিতায় না রেখে সংশ্লিষ্ট দফতর ও প্রশাসন অবিলম্বে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। পাশাপাশি বেহাল রাস্তা ও বিপজ্জনক বক্স কালভার্টের স্থায়ী সংস্কার করে এলাকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande