তারকেশ্বর থেকে জল ঢেলে ফেরার পথে আরামবাগে ভয়াবহ দুর্ঘটনা, জেসিবি এনে উদ্ধার চালক
আরামবাগ, ৯ আগস্ট (হি.স.): তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন একাধিক পুণ্যার্থী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের পারুল সংলগ্ন এলাকায়। একটি বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে
দুর্ঘটনাগ্রস্থ চারচাকা


আরামবাগ, ৯ আগস্ট (হি.স.): তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন একাধিক পুণ্যার্থী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের পারুল সংলগ্ন এলাকায়। একটি বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকার গাড়ি রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার অন্তর্গত এলাকার বেশ কয়েকজন বাসিন্দা একটি মারুতি গাড়িতে করে শনিবার তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রবিবার সকালে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে ওই গাড়িতেই বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময় পারুল সংলগ্ন এলাকায় একটি বাইক টার্নিং নিচ্ছিল। বাইকটিকে বাঁচাতে গিয়ে দ্রুতগতিতে থাকা চারচাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে।

দুর্ঘটনার অভিঘাতে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়। চালক গাড়ির ভিতরে আটকে পড়েন। দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাঁকে বের করা সম্ভব না হওয়ায় ঘটনাস্থলে জেসিবি নিয়ে আসা হয়। পরে জেসিবির সাহায্যে গুরুতর আহত অবস্থায় চালককে গাড়ি থেকে উদ্ধার করা হয়।

দুর্ঘটনায় চালক-সহ গাড়িতে থাকা একাধিক যাত্রী আহত হন। আহতদের মধ্যে পাঁচজন মহিলা-সহ বেশ কয়েকজন রয়েছেন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুতর আহত গাড়িচালকের নাম গণেশ মণ্ডল। আহত যাত্রীদের মধ্যে রয়েছেন কাকলি ডোকাল, সুজাতা মণ্ডল, সুপ্রিয়া ঘোষ, শ্রুতি মণ্ডল, তাপস চৌধুরী, রাহুল মাহাকুর, বাচ্চু ঘোষ এবং রুম্পা ঘোষ।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে পারুল সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande