আগরতলা রেলস্টেশনে জিআরপি-র অভিযান, ২২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আগরতলা, ৯ আগস্ট (হি.স.) : আগরতলা রেলওয়ে স্টেশনকে ব্যবহার করে গাঁজা পাচারের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ করল সরকারি রেল পুলিশ (জিআরপি)। রবিবার আগরতলা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের পার্কিং এলাকার সামনে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে জিআরপি।
গাঁজা সহ গ্রেফতার দুই


আগরতলা, ৯ আগস্ট (হি.স.) : আগরতলা রেলওয়ে স্টেশনকে ব্যবহার করে গাঁজা পাচারের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ করল সরকারি রেল পুলিশ (জিআরপি)। রবিবার আগরতলা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের পার্কিং এলাকার সামনে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে জিআরপি। তাঁদের বহন করা পিঠের ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

জিআরপি সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে রবিবার স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন পার্কিং এলাকার সামনে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জিআরপি থানার এসআই পঙ্কজ বিশ্বাস। তাঁর সঙ্গে থানার অন্যান্য পুলিশকর্মীরাও অভিযানে অংশ নেন। সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তাঁদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হলে মোট ২২.১৬০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।

পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। গাঁজাগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জিআরপি।

জিআরপি থানার ওসি রাজু ভৌমিক জানান, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

রেলস্টেশনকে কেন্দ্র করে মাদক পাচার রুখতে জিআরপি-র পক্ষ থেকে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে ট্রেনযোগে বহিঃরাজ্যে গাঁজা পাচারের সম্ভাবনা থাকায় যাত্রী ও তাঁদের লাগেজের উপরও নজর রাখছে পুলিশ। রবিবারের এই অভিযানে ২২ কেজির বেশি গাঁজা উদ্ধারের ঘটনায় রেলস্টেশন চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande