
খোয়াই (ত্রিপুরা), ৯ আগস্ট (হি.স.) : রবিবার খোয়াই জেলার ধলাবিলের ইছালিছড়া সুইচ গেট সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই কলেজ ছাত্রের। বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করার সময় গভীর জলে তলিয়ে গিয়ে তাঁদের মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত দুই যুবকের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন ধলাবিল দেওলিয়া টিলার বাসিন্দা মনদীপ পাল (২০) এবং খোয়াই বনকর এলাকার বাসিন্দা ভীষ্ম দাস চৌধুরী (২০)। দুজনেই কলেজের ছাত্র ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার তিনজন বন্ধুর সঙ্গে ওই এলাকায় নদীতে স্নান করতে গিয়েছিলেন মনদীপ পাল ও ভীষ্ম দাস চৌধুরী। সেখানে তাঁরা জলে নেমে আনন্দ করার পাশাপাশি মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। আচমকাই দু'জন গভীর অংশে চলে যান এবং জলে পিছলে পড়ে তলিয়ে যেতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সঙ্গে থাকা বন্ধুরা তাঁদের উদ্ধারের চেষ্টা করলেও প্রবল স্রোত ও গভীর জলের কারণে তা সম্ভব হয়নি।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে। এরপর তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে গভীর শোক। একইসঙ্গে এলাকাজুড়েও শোকের আবহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কথায়, মনদীপ পাল ও ভীষ্ম দাস চৌধুরী দু'জনেই প্রাণবন্ত ও হাসিখুশি যুবক হিসেবে পরিচিত ছিলেন। অকালেই তাঁদের মৃত্যুতে বন্ধু-বান্ধব ও পরিচিতদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
দমকলকর্মীরা এই ঘটনার পর নদী, খাল, জলাশয় কিংবা সুইচ গেট সংলগ্ন এলাকায় নামার ক্ষেত্রে সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বর্ষাকালে জলস্তর বৃদ্ধি, স্রোত এবং নদী বা জলাশয়ের গভীরতা সম্পর্কে ধারণা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। তাই অপরিচিত জলাশয়ে স্নান করতে যাওয়া থেকে বিরত থাকার পাশাপাশি মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গিয়ে যেন নিরাপত্তার বিষয়টি উপেক্ষা না করা হয়, সেই বার্তাও দিয়েছেন উদ্ধারকারীরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ