তারকেশ্বরগামী জলযাত্রীদের পাশে বিজেপি যুব মোর্চা, গোঘাটে জলদান কর্মসূচি
আরামবাগ , ৯ আগস্ট (হি.স.): শ্রাবণ মাস মানেই তারকেশ্বরমুখী জলযাত্রীদের ঢল। কাঁধে জলভরা কলসি, মুখে ‘বোল বোম’ ধ্বনি তুলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে ছুটছেন অসংখ্য পুণ্যার্থী। সেই জলযাত্রীদের পাশে দাঁড়িয়ে রবিবার জলদান কর্মসূচি
জল যাত্রীদের সেবায় বিজেপির যুব মোর্চা


আরামবাগ , ৯ আগস্ট (হি.স.): শ্রাবণ মাস মানেই তারকেশ্বরমুখী জলযাত্রীদের ঢল। কাঁধে জলভরা কলসি, মুখে ‘বোল বোম’ ধ্বনি তুলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে ছুটছেন অসংখ্য পুণ্যার্থী। সেই জলযাত্রীদের পাশে দাঁড়িয়ে রবিবার জলদান কর্মসূচির আয়োজন করল বিজেপির যুব মোর্চা।

গোঘাট বিধানসভার ৩ নম্বর মণ্ডলের ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রচণ্ড ভিড় এবং দীর্ঘ পথের ক্লান্তির মধ্যে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করা পুণ্যার্থীদের হাতে পানীয় জল তুলে দেন বিজেপি কর্মী-সমর্থকেরা। ধর্মীয় আবেগের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তাও উঠে আসে এই কর্মসূচির মধ্য দিয়ে।

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, জলদান কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়ানোর কৌশলও রয়েছে। জলযাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করে সাধারণ মানুষের কাছে সংগঠনের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দলের সাংগঠনিক ভিত আরও শক্তিশালী করাই এমন কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুপর্ণা ধুল, শান্তনু দাস, বিজন মালিক, যুব মোর্চার সভাপতি শুভেন্দু জালাল, সহ-সভাপতি শুভময় কুন্ডু এবং জেলা যুব মোর্চার সহ-সভাপতি পার্থসারথি রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।

বিজেপি নেতৃত্বের দাবি, রাজনীতি শুধুমাত্র সভা, মিছিল বা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের প্রয়োজনের সময় তাঁদের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা। সেই বার্তাকে সামনে রেখেই তারকেশ্বরগামী জলযাত্রীদের জন্য এই জলদান কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান নেতৃত্ব।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande