
পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর (হি.স.): স্বাধীনতার এত বছর পরও গ্রামের রাস্তাঘাটের হাল ফেরেনি। বেহাল যাতায়াত ব্যবস্থার কারণে কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভার দাসপুর-১ ব্লকের নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের বাছড়াকুন্ডু গ্রাম। বুধবার গ্রামবাসীরা অভিযোগ, এখনও পর্যন্ত চার চাকার গাড়ি তো দূরের কথা, অ্যাম্বুলেন্সও গ্রামে ঢুকতে পারে না।
স্থানীয়দের দাবি, গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রায় তিন কিলোমিটার পথ খাটিয়ায় করে প্রধান সড়কে নিয়ে যেতে হয়। গ্রামের প্রায় ৪৫০টি পরিবারে ভোটার সংখ্যা প্রায় ১৪৫০। কাঁচা মাটির রাস্তার বিভিন্ন অংশে বর্ষাকালে হাঁটুসমান জল জমে থাকে। ফলে আত্মীয়ের বাড়ি যাওয়া থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় কাজে ২-৩ কিলোমিটার পথ জল পেরিয়ে হেঁটে যেতে হয় বাসিন্দাদের। হাতে জুতো নিয়ে জল পার হতে হয় বলেও অভিযোগ।
স্কুল পড়ুয়াদেরও চরম সমস্যায় পড়তে হয়। গ্রামে একটি প্রাথমিক স্কুল রয়েছে। উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে হয় পড়ুয়াদের। তাঁদের অভিযোগ, শীতকাল ছাড়া বর্ষায় স্কুলে যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়ে।
গ্রামবাসীদের আরও দাবি, রাস্তার সমস্যার কারণে বহু যুবকের বিয়ে পর্যন্ত হচ্ছে না। ভোটের সময় বিভিন্ন প্রতিশ্রুতি মিললেও রাস্তার সমস্যা মেটেনি। বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি সমস্যার কথা স্বীকার করেছেন। নতুন সরকারের আমলে রাস্তার হাল ফেরানোর আশ্বাস মিলেছে। সেই প্রতিশ্রুতির আশাতেই দিন গুনছেন গ্রামবাসীরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়