
মালদা, ১৬ সেপ্টেম্বর (হি.স.):- আবাস যোজন-সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে পঞ্চায়েত কর্মী গ্রেফতারের পর এবার তাঁর ভাইকেও গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতের নাম রতন মণ্ডল। তিনি পেশায় সিভিক ভলান্টিয়ার বলে জানা গিয়েছে। তাঁর ভাই সন্দীপ মণ্ডল কালিয়াচক-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে গত ১৩ সেপ্টেম্বর কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সোমবার রাতে রামাশংকরটোলা এলাকায় সন্দীপ মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
অভিযোগের তদন্তে সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে তাঁর ভাই রতন মণ্ডলের নাম উঠে আসে বলে পুলিশ সূত্রে দাবি। এরপর তাঁকেও গ্রেফতার করা হয়। আবাস যোজনা-সহ অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে টাকা লেনদেনের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কত টাকা নেওয়া হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সিভিক ভলান্টিয়ার রতন মণ্ডল। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়