
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.): কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত তৃণমূল কংগ্রেসের কার্যালয় খালি করার বিষয়ে দমকল বিভাগের নোটিস বুধবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এই কার্যালয়টি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ তবে দমকল বিভাগকে কার্যালয়টি পুনরায় পরিদর্শন করে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার কথা বলেছে।
শুনানি চলাকালীন হাইকোর্ট জানায়, দমকল বিভাগকে কালীঘাট তৃণমূলকে নতুন করে নোটিস দিতে হবে। নোটিসে এটা স্পষ্ট করতে হবে যে বিভাগের আধিকারিকরা কার্যালয়টি পুনরায় পরিদর্শনের জন্য কখন পৌঁছাবেন। নোটিস জারির পর দমকল আধিকারিকদের ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে গিয়ে পরিদর্শন করতে হবে।
পরিদর্শনের পর দমকল বিভাগকে জানাতে হবে যে কার্যালয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও অন্যান্য নিরাপত্তা মান পূরণের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তৃণমূল কংগ্রেসকে দমকল বিভাগের দেওয়া নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। যদি এই নির্দেশগুলি পালন না করা হয়, তবে দমকল বিভাগ আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।
উল্লেখ্য, কিছুদিন আগে দমকল বিভাগ ক্যামাক স্ট্রিটের ভবনের মালিককে একটি নোটিস জারি করেছিল। তাতে সপ্তম ও অষ্টম তলার অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত নয় বলে উল্লেখ করা হয় এবং দুটি তলাই অবিলম্বে খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এর পর ভবন মালিকের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি খালি করে দেওয়ার জন্য বলা হয়।
দমকল বিভাগের সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল। শুনানির সময় আদালত আগেই দমকলের সেই নোটিসের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। বুধবার আদালত চূড়ান্ত আদেশে ওই নোটিসটি বাতিল করে নিরাপত্তা মান সুনিশ্চিত করতে নতুন করে পরিদর্শন ও প্রয়োজনীয় নির্দেশিকা জারির প্রক্রিয়া নির্ধারণ করে দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি