
ফররুখাবাদ, ১৮ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা সাধারণ নির্বাচনে ব্যবহারের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট)-এর প্রথম স্তরের পরীক্ষা (এফএলসি) শুরু হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে ফতেহগড়ের কালেক্টরেট চত্বরে অবস্থিত ইভিএম ওয়্যারহাউসে এই পরীক্ষা শুরু হয়। জেলা নির্বাচন আধিকারিকের তত্ত্বাবধানে নির্ধারিত প্রক্রিয়া মেনে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল)-এর অনুমোদিত ইঞ্জিনিয়াররা এই পরীক্ষা করছেন।
জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ডা. অঙ্কুর লাঠার শুক্রবার জানান, প্রতিটি নির্বাচনের আগে ভোটে ব্যবহারের জন্য নির্ধারিত ইভিএম ও ভিভিপ্যাটের পরীক্ষা ও যাচাই সংশ্লিষ্ট প্রস্তুতকারক সংস্থার অনুমোদিত ইঞ্জিনিয়ারদের মাধ্যমে জেলা নির্বাচন আধিকারিকের নজরদারিতে করা হয়। এফএলসি-তে উত্তীর্ণ ইভিএম ও ভিভিপ্যাটই নির্বাচনে ব্যবহার করা হয়। এফএলসির বিস্তারিত প্রক্রিয়া ভারতের নির্বাচন কমিশনের জারি করা ‘ম্যানুয়াল অন ইলেকট্রনিক ভোটিং মেশিন’-এ নির্ধারিত রয়েছে।
তিনি জানান, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে ব্যবহারের জন্য ইভিএম ও ভিভিপ্যাটের প্রথম স্তরের পরীক্ষা পরিচালনার সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হয়েছে। এফএলসি প্রক্রিয়ার নজরদারি জেলা নির্বাচন আধিকারিকের পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ভারতের নির্বাচন কমিশনের স্তর থেকেও করা হয়।
জেলা নির্বাচন আধিকারিক জানান, জেলা সদর দফতরে জাতীয় ও রাজ্যস্তরে স্বীকৃত রাজনৈতিক দলগুলিকেও ১৫ সেপ্টেম্বর ২০২৬ লিখিতভাবে অনুরোধ করা হয়েছে, যাতে তারা এফএলসি প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য নিজেদের অনুমোদিত প্রতিনিধিদের মনোনীত করে। সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির রাজ্য সদর দফতর থেকেও প্রতিনিধিদের নাম অনুমোদন করা হয়েছে।
জেলা নির্বাচন আধিকারিক বলেন, নির্ধারিত নির্দেশিকা ও স্বচ্ছতা বজায় রেখেই এফএলসি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। রাজনৈতিক দলগুলির অনুমোদিত প্রতিনিধিদেরও পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য