
ধর্মশালা, ১৮ সেপ্টেম্বর (হি. স.): অবৈধ বালি-পাথর উত্তোলন রোধে বড়সড় সাফল্য পেল হিমাচল প্রদেশের নুরপুর পুলিশ । গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে চক্কি খড এলাকায় অভিযান চালিয়ে অবৈধ খননকাজে ব্যবহৃত ২টি জেসিবি যন্ত্র এবং ৬টি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ ।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে পুলিশ টহল দেওয়ার সময় কান্ডওয়াল এলাকার চক্কি ব্রিজের কাছে নদী গর্ভে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধভাবে বালি ও পাথর তোলার সময় হাতেনাতে বাজেয়াপ্ত করে যন্ত্রগুলিকে।
বাজেয়াপ্ত করা যন্ত্রের মধ্যে রয়েছে ২টি জেসিবি মেশিন, ১টি ট্র্যাক্টর এবং ৫টি মাল্টি-অ্যাক্সেল ট্রাক। শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাকৃতিক সম্পদের বেআইনি লুট ও অবৈধ খননের বিরুদ্ধে পুলিশ সর্বদা সতর্ক ও কঠোর অবস্থান গ্রহণ করেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে এ ধরনের বেআইনি কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক